
শূন্যতা থেকে সৃষ্টির অনুপ্রেরণা
আজকের সেবাই আগামী দিনের ইতিহাস
প্রতিটি বড় কাজের পেছনে থাকে একটি ছোট দীর্ঘশ্বাস কিংবা এক বুক জেদ। ইতিহাস ফাউন্ডেশন-এর জন্মও কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি বছরের পর বছর সঞ্চিত এক মানবিক যন্ত্রণার ফসল।
শৈশবের সেই দিনগুলো:
আমি এইচ এম সাগর, ইতিহাস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। আমার শৈশব কেটেছে দারিদ্র্যের খুব কাছ থেকে দেখা অভিজ্ঞতায়। নিজের অভাব যেমন বুঝেছি, তেমনি দেখেছি চারপাশের মানুষের জীবনযুদ্ধ। আমার চোখের সামনেই অনেককে দেখেছি বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মৃত্যুবরণ করতে, দেখেছি ক্ষুধার জ্বালায় ছোট ছোট শিশুর আর্তনাদ। তখন আমার সামর্থ্য ছিল না তাদের পাশে দাঁড়ানোর, কিন্তু মনে মনে একটা প্রতিজ্ঞা ছিল—একদিন এমন কিছু করব যেন অভাবের কারণে কাউকে অন্তত বিনা চিকিৎসায় বা না খেয়ে মরতে না হয়।
যাত্রার শুরু:
সেই দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নেয় ২০২২ সালের ১৬ ডিসেম্বর। বাংলাদেশের মহান বিজয় দিবসের সেই মাহেন্দ্রক্ষণে আমরা যাত্রা শুরু করি ‘ইতিহাস ফাউন্ডেশন’ নামে। লক্ষ্য ছিল স্পষ্ট—একটি জনকল্যাণমূলক, স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও অলাভজনক প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে মানুষের সেবা করাই হবে পরম ধর্ম।